ধামরাই (ঢাকা), প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঢাকার ধামরাই উপজেলার অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র আলাউদ্দিন পার্ক অ্যান্ড রিসোর্টে নেমেছে দর্শনার্থীদের ঢল। ঈদের ছুটি শুরু হতেই প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত হাজারো মানুষের পদচারণায় মুখর হয়ে উঠছে পুরো পার্ক এলাকা।
ঈদের আনন্দ উপভোগ করতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব নিয়ে দলে দলে ছুটে আসছেন দর্শনার্থীরা। বিভিন্ন জেলা থেকেও অনেকে এখানে ভিড় করছেন বলে জানা গেছে। প্রবেশমুখ থেকে শুরু করে পার্কের ভেতরের প্রতিটি বিনোদন স্পটেই লক্ষ্য করা গেছে উপচে পড়া ভিড়।
প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা আলাউদ্দিন পার্ক অ্যান্ড রিসোর্টে রয়েছে আধুনিক বিভিন্ন রাইড, নৌবিহারের ব্যবস্থা, ওয়াটার পার্ক, সুইমিং পুল এবং খোলামেলা পরিবেশে বসে আড্ডা দেওয়ার সুযোগ। শিশুদের জন্য রয়েছে আলাদা খেলাধুলার জোন, যা পরিবার নিয়ে আগতদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। বড়দের জন্যও রয়েছে আরামদায়ক বসার স্থান ও বিশ্রামের ব্যবস্থা।
বিশেষ আকর্ষণ হিসেবে ঈদ উপলক্ষে পার্কে আয়োজন করা হয়েছে ৭ দিনব্যাপী ডিজে পার্টির। প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত চলা এই আয়োজন তরুণ-তরুণীদের মধ্যে তৈরি করেছে বাড়তি উচ্ছ্বাস। সাউন্ড সিস্টেম, আলোকসজ্জা এবং উৎসবমুখর পরিবেশে দর্শনার্থীরা উপভোগ করছেন ভিন্নধর্মী বিনোদন। অনেকেই পরিবারসহ এই আয়োজন উপভোগ করতে পার্কে আসছেন।
দর্শনার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, শহরের ব্যস্ততা, যানজট ও কোলাহল থেকে কিছুটা স্বস্তি পেতে এবং ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলতে তারা এখানে এসেছেন। অনেকেই জানান, তুলনামূলক নিরাপদ ও পারিবারিক পরিবেশ থাকায় এই পার্কটি তাদের কাছে বেশি পছন্দের।
একাধিক দর্শনার্থী বলেন, “শিশুদের জন্য ভালো ব্যবস্থা আছে, আবার বড়রাও আরাম করে সময় কাটাতে পারছে। ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে এমন জায়গায় আসা সত্যিই আনন্দের।”
এদিকে, ঈদ উপলক্ষে বাড়তি দর্শনার্থীর চাপ সামাল দিতে পার্ক কর্তৃপক্ষ নিয়েছে বিশেষ প্রস্তুতি। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, বাড়ানো হয়েছে স্টাফ সংখ্যা। পাশাপাশি পরিচ্ছন্নতা বজায় রাখা, টিকিট ব্যবস্থাপনা সহজ করা এবং দর্শনার্থীদের সার্বিক সেবা নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।
পার্ক কর্তৃপক্ষ জানায়, ঈদের ছুটিতে আগত দর্শনার্থীদের জন্য নিরাপদ ও আনন্দদায়ক পরিবেশ নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। এ কারণে সার্বক্ষণিক তদারকি চালানো হচ্ছে।
সব মিলিয়ে এবারের ঈদে আলাউদ্দিন পার্ক অ্যান্ড রিসোর্ট পরিণত হয়েছে ধামরাইয়ের অন্যতম প্রাণচাঞ্চল্যপূর্ণ বিনোদন কেন্দ্রে, যেখানে প্রতিদিনই জমে উঠছে আনন্দের মিলনমেলা।