
ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল ইসলামকে ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চায় স্থানীয় তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণ।
তৃণমূল বিএনপির সাধারণ সদস্যবৃন্দদের দাবি, দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে রাজনীতি, দলীয় সাংগঠনিক কর্মকাণ্ড এবং স্থানীয় উন্নয়নমূলক কাজে সক্রিয় ভূমিকা রেখে শামসুল ইসলাম ধামরাইবাসীর আস্থা অর্জন করেছেন। সাবেক সদর ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে ইতিবাচক সাড়া ফেলেন বলে দাবি করেন নেতাকর্মীরা।
এছাড়াও তিনি ঢাকা-২০ আসনের বর্তমান সংসদ সদস্য আলহাজ তমিজ উদ্দিন-এর বিশ্বস্ত ভ্যানগার্ড ও ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে দীর্ঘদিন ধরে পাশে রয়েছেন। দলীয় আন্দোলন-সংগ্রাম থেকে শুরু করে নির্বাচনী মাঠ পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে এমপির সঙ্গে সমন্বয় করে কাজ করেছেন বলে জানা গেছে। রাজনৈতিক দুঃসময়ে কর্মীদের সংগঠিত রাখা ও দলীয় কর্মসূচি সফল করার ক্ষেত্রেও তার ভূমিকা উল্লেখযোগ্য বলে দাবি করেন নেতাকর্মীরা।
তাদের মতে, দল ও জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক, সাংগঠনিক দক্ষতা এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কারণে তিনি ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে একজন যোগ্য প্রার্থী হতে পারেন। তারা আশা প্রকাশ করেন, দলীয় মনোনয়ন ও জনগণের সমর্থন পেলে শামসুল ইসলাম ধামরাই উপজেলাকে আরও উন্নয়ন ও সুশাসনের পথে এগিয়ে নিতে সক্ষম হবেন।
এদিকে উপজেলা পর্যায়ের রাজনৈতিক অঙ্গনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে প্রার্থিতা ও দলীয় অবস্থান আরও স্পষ্ট হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
